নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস: জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের কমিটি গঠন

 
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের চলমান কার্যক্রম মূল্যায়ন, পর্যালোচনা ও সমন্বয়ের জন্য জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) একটি চার সদস্যের কমিটি গঠন করেছে।

রোববার (১০ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাৎ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটির গঠন অনুমোদন করেছেন।

কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্রনেতা সাইফুল্লাহ হায়দার। কমিটির অন্য সদস্যরা হলেন— আব্দুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম মুসা এবং আরিফুর রহমান তুহিন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের কার্যক্রমের প্রেক্ষিতে এই কমিটি মূল্যায়ন, পর্যালোচনা ও সমন্বয়ের কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi