মানিকগঞ্জ বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

 আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ সাতজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে এই মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই এসব মামলা আদালতে দায়ের করা হবে।

দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো প্রকার রেকর্ডপত্র দাখিল না করে এবং বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই পরস্পর যোগসাজশে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

মামলায় আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্ত করা হয়েছে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ মোট সাতজনকে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তরা ফাইন্যান্সে প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকার অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই সময়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনকে বরখাস্ত করা হয় এবং বোর্ড বিলুপ্ত করা হয়। এছাড়া ২০২৩ সালের জুনে ৪১ কোটি টাকা এবং ২০২৫ সালের জানুয়ারিতে ১৬ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হয়।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi