লালমনিরহাটে থানা হামলার ঘটনায় জামায়াত আমিরের প্রতিক্রিয়া: নির্বাচনের জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে

লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এই পরিস্থিতিতে নির্বাচন কিসের? কী নির্বাচন হবে? এ জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে।’

শুক্রবার (৪ জুলাই, ২০২৫) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং “যদি”র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’ ‘মব–সন্ত্রাস’ প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘মব সর্বকালে বাংলাদেশে ছিল। এটা ’৭২ সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। কিন্তু আমরা এই মব চাই না, আমরা মবের ঘোর বিরোধী। দেখবেন, এসব মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নেই।’ মব–সন্ত্রাস নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ‘যাদের লোক, তাদের নিয়ন্ত্রণ করতে হবে। এরপর রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রকে সব দায়িত্ব দিলে হবে না। বিভিন্ন দলের লোক যারা জড়িত, তাদের দলের মৌলিক দায়িত্ব নিজেদের কর্মীদের সামলানো। এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে।’ মব নির্মূলের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বিচার একটাই হবে, বিচার কারও হাতে তুলে দেওয়া হবে না। বিচার থাকবে আদালতের হাতে, ইনশা আল্লাহ।’ সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে জামায়াত আমির শফিকুর রহমান রংপুরে দলের জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে রওনা হন।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi