জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে উত্তেজনার মধ্যে সোমবার চেয়ারম্যান জি এম কাদের তিন জ্যেষ্ঠ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন। তাঁরা হলেন জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক (চুন্নু)। এছাড়া, মুজিবুল হককে বাদ দিয়ে কো-চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব নিযুক্ত করেছেন তিনি। গত এক সপ্তাহে মোট ১১ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যাকে দলের একাংশ ‘ছাঁটাই রাজনীতি’ হিসেবে আখ্যা দিচ্ছে।
অব্যাহতি পাওয়া তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তবে তাঁরা বলেছেন, চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারার ক্ষমতাবলে তাঁদের অব্যাহতি দিয়েছেন, যা তাঁরা চ্যালেঞ্জ করবেন এবং এই স্বেচ্ছাচারী ধারার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। তাঁরা মনে করেন, এই অব্যাহতি ও মহাসচিব নিয়োগ অগণতান্ত্রিক, গঠনতন্ত্রের লঙ্ঘন এবং এক ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।
এই পরিস্থিতিতে আনিসুল ইসলাম মাহমুদেরা মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন। জি এম কাদেরের সমর্থকরাও পরদিন সংবাদ সম্মেলন করে তাঁদের অবস্থান তুলে ধরবেন।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন