আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। দলের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতি ও সাড়াদানকারী সমাবেশে পরিণত করতে প্রতিদিন ঢাকাসহ সারাদেশে মিছিল, মিটিং ও গণসংযোগ করছে দলটি।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সমাবেশ সফল করতে ইতোমধ্যে লঞ্চ ও ট্রেন বাদ দিয়ে ১০ হাজার বাস ভাড়া করা হয়েছে। তিনি আশা করছেন, ১০ লাখের বেশি নেতাকর্মী সমাগম ঘটবে এবং শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
জুবায়ের জানান, পুলিশ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি আশা করছেন, সমাবেশে আসা-যাওয়া, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা শান্তিপূর্ণ হবে। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যদের যোগাযোগের নম্বর ডিএমপিকে দেওয়া হয়েছে।
রাজনৈতিক পরিস্থিতিতে সমাবেশ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কার বিষয়ে জুবায়ের বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো শঙ্কা করছি না। তবে স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা মহানগর জামায়াত, সাবধান থাকবে। বিপুল জনসমাগম হবে, তাই নিরাপত্তাজনিত বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছি। ডিএমপি আমাদের সাবধানতার পরামর্শ দিয়েছে।”
ডিএমপির পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার মো. শহীদুল্লাহ, উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস, মাসুদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন